কাজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিল বর্ধমান বার অ্যাসোসিয়েশন
দি নিউজ লায়ন ; কাজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিল বর্ধমান বার অ্যাসোসিয়েশন। কারণ অবশ্য করোনা। শনিবার থেকে আইনজীবীরা সওয়ালে অংশ নেবেন না। ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তাঁরা। ১২ ও ১৩ তারিখ শনি ও রবিবার হওয়ায় ছুটি থাকবে। কবে থেকে আইনজীবীরা কাজে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানান নি বারের পদাধিকারীরা। শুক্রবার বারের সাধারণ সভায় কাজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, ৪ জন আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ ফের ছড়াচ্ছে। তাই, আইনজীবী ও বিচার প্রার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্ধমান বারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়র আইনজীবীদের একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন লকডাউনের কারণে আদালতের কাজকর্ম বন্ধ ছিল। ফলে, আইনজীবীদের পাশাপাশি ল’ক্লার্করা চরম সমস্যায় পড়েন।
কার্যত রোজগার বন্ধ হয়ে যায় তাঁদের। ফের কর্মবিরতি হলে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা। আইনজীবী ও ল’ক্লার্কদের পাশাপাশি বিচার প্রার্থীরাও বারের এই সিদ্ধান্তে সমস্যায় পড়বেন বলে মত তাঁদের। যদিও তা মানতে নারাজ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা। তিনি সাংবাদিককে বলেন, ৪ জন আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই, আইনজীবী ও বিচার প্রার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment